ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৪

আগুনের ঘটনায় মৃত্যু – ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাসে আজাহার ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় তোফাজ্জল হোসেন (৪২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্নের ব্লু ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে আগুনের ঘটনায় চারজনের মৃত্যু হলো।

 

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৪

তোফাজ্জল ওই ফিলিং স্টেশনের ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও তিনজন। বাকি নিহতরা হলো— মো. হিমেল, আব্দুল কুদ্দুস (৮০) ও আবুল হোসেন (৪৫)। আগুনে দগ্ধ বাকিদের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকেরা। গুরুতর দগ্ধরা হলো— স্থানীয় খাবার হোটেল ব্যবসায়ী কামরুল হাসান (৩৫) ও তার স্ত্রী সুমি আক্তার (৩০) এবং চায়ের দোকানদার আব্দুল মালেক (৫০)।

 

 

আজ বুধবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, সোমবার রাতের দিকে ময়মনসিংহ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় নারীসহ পাঁচজনকে আনা হয়েছিল। এর মধ্যে আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন নামে ৯৮ শতাংশ দগ্ধ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

ডা. তরিকুল আরও জানান, দগ্ধ কামরুল হাসান ১০০ শতাংশ, সুমি আক্তার ৩২ শতাংশ ও আব্দুল মালেককে ৫০ শতাংশ দগ্ধ নিয়ে জরুরি বিভাগের চিকিৎসা শেষে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার করা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, সোমবার বেলা সোয়া ২টার দিকে ময়মনসিংহ সদরের আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। দগ্ধদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

Leave a Comment