দলীয় কার্যক্রম চলছে সভাপতি সম্পাদক ছাড়া

কার্যক্রম চলছে সভাপতি সম্পাদক ছাড়া, ৩ বছর পরপর কমিটি হওয়ার কথা থাকলেও ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী লীগের কমিটির বয়স বর্তমানে ১৯ বছর ২ মাস। এর মধ্যে কমিটির সভাপতিসহ মোট ১৮ জন মারা গেছেন। আর সাধারণ সম্পাদক ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াই চলছে উপজেলা আওয়ামী লীগ। এ অবস্থায় স্থবির হয়ে পড়েছে দলীয় কার্যক্রম।

দলীয় কার্যক্রম চলছে সভাপতি সম্পাদক ছাড়া

দলীয় কার্যক্রম চলছে সভাপতি সম্পাদক ছাড়া

দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৩ সালের ৩০ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য এম আমান উল্লাকে সভাপতি ও গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় ৬৭ সদস্যের ভালুকা উপজেলা আওয়ামী লীগের কমিটি। এরই মধ্যে এই কমিটির সভাপতি, ৩ জন সহসভাপতি, ১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলীর ৭ জনসহ মোট ১৮ জন মারা গেছেন।

দীর্ঘ দিন পর গত ৩০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন ঠিক করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে দুই দিন আগে স্থগিত করা হয় সম্মেলন। এতে হতাশ হয়ে পড়েন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাহবুবুল আলম বলেন, বর্তমান কমিটির সভাপতি আমান উল্লা ২০২১ সালের ১১ মার্চ বার্ধক্যের কারণে মারা গেছেন।

গোলাম মোস্তফা ভারতের বেঙ্গালুরুতে একটি হাসপাতালে ভর্তি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আত্মীয় ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম খান। তিনি বলেন, গোলাম মোস্তফার হৃদ্‌রোগের চিকিৎসা চলছে।

দলীয় কর্মীরা বলেন, দেড় যুগেরও আগে গঠন করা কমিটি দিয়ে চলছে দল। ১৮ জন নেতার মৃত্যুর পাশাপাশি আরও বেশ কয়েকজন এখন বয়সের ভারে ন্যুব্জ। এ অবস্থায় দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সামনে নির্বাচন। এ অবস্থায় নতুন কমিটি গঠন করা খুবই দরকার হয়ে পড়েছে।

স্থানীয় এক নেতা বলেন, দীর্ঘদিন ধরে নতুন নেতৃত্ব গড়ে উঠছে না। তাঁরা নতুন কমিটি না হওয়ায় পদপদবি পাচ্ছেন না। ফলে তাঁরা কিছুটা হতাশ। নতুন কমিটি হলে দল আরও চাঙা হবে।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন বলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন সহসভাপতি শওকত আলী। আর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দেশের বাইরে চিকিৎসাধীন থাকলেও অন্য কাউকে তাঁর দায়িত্ব দেওয়া হয়নি। তিনিই দায়িত্বে রয়েছেন।

শওকত আলী বলেন, অচিরেই উপজেলা সম্মেলন হবে। তবে ৩০ নভেম্বর কেন সম্মেলন হয়নি, এর উত্তর কেন্দ্রর নেতারা দিতে পারবেন।

দলীয় কার্যক্রম চলছে সভাপতি সম্পাদক ছাড়া

Leave a Comment