মহাসড়কে যান চলাচল সচল – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ত্রি-পক্ষীয় বৈঠকে অবশেষে গাজীপুরের শ্রমিক অসন্তোষের সমঝোতা হয়েছে।
৬০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সচল, সমঝোতায় শ্রমিকরা
এর মধ্য দিয়ে প্রায় ৬০ ঘণ্টা পর সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলে সচল হয় যানচলাচল। এর আগে দুপুরে শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান আন্দোলনরত শ্রমিকদের একটি প্রতিনিধি দলকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানান। সোমবার রাতে শ্রম ভবনে বৈঠকে টিএনজেড গ্রুপের ৩১জন শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ নেত্রীবৃন্দ ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে বলা হয়, আগামী ১৭ নভেম্বরের মধ্যে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের এবং ৩০ নভেম্বর অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। গ্রুপের কারখানাগুলো কর্তৃপক্ষ দ্রুত খুলে দিবেন।এছাড়াও ৩০ নভেম্বরের আগে কেউ যদি আবারও রাস্তা অবরোধ করে তাহলে টাকা পরিশোধ করা হবে না বলেও জানানো হয় বৈঠক থেকে।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় টিএনজেড গ্রুপের চেয়ারম্যান হেদায়েতুল হক, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়াসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামে আন্দোলনরত শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করেন টিএনজেড গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা। অবরোধের কারণে সড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে ভোগান্তি সৃষ্টি হয়। গণপরিবহন সচল না থাকায় কর্মজীবী মানুষজনকে অফিসে যেতে হেটে।