জনতার হামলায় ময়মনসিংহে রেলওয়ের উচ্ছেদ অভিযান স্থগিত

রেলওয়ের উচ্ছেদ অভিযান – ময়মনসিংহে জনতার বাধায় রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত হয়েছে। এ সময় হামলার শিকার হয়েছেন কর্মকর্তারা। পরে খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল দেন।

 

জনতার হামলায় ময়মনসিংহে রেলওয়ের উচ্ছেদ অভিযান স্থগিত

 

সোমবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।  জানা গেছে, ঢাকা বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা আব্দুস সোবহানের নেতৃত্বে রেলওয়ে পুলিশ পাহারায় ভেকু দিয়ে রেলওয়ে মসজিদ সংলগ্ন দোকান ভাঙার সময় বিক্ষুব্ধ হয়ে উঠে জনতা। এক পর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন তারা।

 

 

জনতার ধাওয়ায় উচ্ছেদকারী কর্মকর্তারা ঘটনাস্থল ছেড়ে দৌড়ে চলে যান। এ সময় ভেকু চালককে নামিয়ে মারধর ও ভেকু ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে দুপুর ১২টার পর সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, জনতার বাধা ও ধাওয়ায় পণ্ড হয়ে গেছে ময়মনসিংহ রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। সেনাবাহিনীর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Comment