ময়মনসিংহে রেদোয়ান হাসান সাগর নামে যুবক খুনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনের নামে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
ময়মনসিংহে হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন
‘ন্যায় বিচারের স্বার্থে’ মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ রোববার সকালে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রওশন জাহানের আদালতে মামলার আবেদনটি করেন বলে বাদী পক্ষের আইনজীবী নুরুল হক বলেন।
এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহেনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ময়মনসিংহ সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত এবং সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ সভাপতি আমিনুল হক শামীম, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, নিলুফা আনজুম পপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ ১১১ জনকে আসামি করা হয়েছে।

গত ১৯ অগাস্ট বিকালে ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় গুলিতে নিহত হন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর (২৪)। তিনি আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে।
জ্যেষ্ঠ আইনজীবী নুরুল হক বলেন, “এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা তা আদালতকে জানাতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।”
মামলার বাদী আবু ওয়াহাব আকন্দ বলেন, “প্রকাশ্য দিবালোকে মোহিত উর রহমান শান্ত ও তার লোকজন সাগরকে গুলি করে হত্যা করেছে। এর বিচার হতেই হবে। অন্য আসামিদের নির্দেশে ময়মনসিংহে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা আশাবাদী, সাগর হত্যার বিচার হবে।”
এ সময় আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা ছিলেন।